ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের সেই স্কুলছাত্রীকে (১২) আবারও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিয়েতে রাজি না হওয়ায় পাশের তালজাঙ্গা গ্রামের এরশাদ মিয়া ৬ অক্টোবর স্কুলছাত্রীটিকে অপহরণ করে ঢাকার সাভারে নিয়ে যায়। সেখান থেকে কৌশলে ১২ দিন পর মেয়েটি বাড়ি ফিরে আসে। ২০ অক্টোবর রাতে নান্দাইল থানায় মেয়েটির বাবা একটি মামলা করেন। শনিবার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। রোববার দুপুরে যোগাযোগ করা হলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, অপহরণ করার সত্যতা পাওয়া গেছে। বাদীকে আসামিদের সঠিক ঠিকানা ও তাদের অবস্থান সম্পর্কে খবর দেওয়ার জন্য বলা হয়েছে।মেয়েটি মুঠোফোনে প্রথম আলোকে জানায়, তাকে আবারও অপহরণের ভয় দেখানো হচ্ছে। এ জন্য তার বাবা তাকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখছেন। সে আরও জানায়, আসামিরা গ্রেপ্তার না হলে প্রকাশ্যে চলাফেরা করতে তার ভয় হচ্ছে। এ বিষয়ে গত শনিবার প্রথম আলোয় ‘তবু স্বপ্ন দেখছে মেয়েটি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।