আদিবাসী সুফল মুর্মুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার নওগাঁর পোরশা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের সংগঠন উপজেলা লাহন্তি আখড়া ফোরাম, দিঘরী পরিষদ ও পোরশা উপজেলা আদিবাসী ছাত্রসংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচিতে বাগডাঙ্গাসহ প্রায় ১৫টি গ্রামের চার শতাধিক আদিবাসী অংশ নেয়। তারা দুপুর ১২টার দিকে হাসপাতাল মোড়ে সমবেত হয়ে মিছিলসহকারে উপজেলা পরিষদে গিয়ে মানববন্ধন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সুফল মুর্মুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন নিহত সুফল মুর্মুর ছেলে হোসনা মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারান্ডী, আদিবাসী নেতা এভারিষ্ট হেমব্রম, বিশত মনি টপ্পো, আদিবাসী ছাত্রনেতা রামলাল কেরকাটা প্রমুখ। এ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুর রহমান শাহ।