কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন। একই দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের ডাকা কলেজ ধর্মঘট অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীরা গতকাল জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কলেজ মোড় এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখায় ওই রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জীবন, ফিরোজ, ইতিহাস বিভাগের আবদুল মতিন, বুলবুল আহমেদ প্রমুখ।
কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, ৩ ডিসেম্বর দুপুরে জেলা ছাত্রলীগের স্বঘোষিত কমিটির নেতা-কর্মীদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ‘ক্লিন ক্যাম্পাস সেফ ক্যাম্পাস’ কর্মসূচিতে অংশ নিতে জোর করে শিক্ষার্থীদের মিছিলে আনা চেষ্টা করেন। এ সময় কিছু শিক্ষার্থী ডিগ্রি পরীক্ষার ফরম পূরণে ব্যস্ত থাকায় কর্মসূচিতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নেতা-কর্মীরা ফরম পূরণের কক্ষের দরজা-জানালা বন্ধ করে দেন। সেখানে উপস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিজানুর রহমান নেতা-কর্মীদের বাধা দিলে রমজান আলীর নেতৃত্বে চার-পাঁচজন ছাত্রলীগ ক্যাডার তাঁকে মারধর করে। এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হলেও পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।