নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় গৃহপরিচারিকা কিশোরী সুমিকে (১৪) ধর্ষণ ও বিষ প্রয়োগে হত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল রোববার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সুমির বাবা শফিক শেখ, মা পেয়ারা বেগম, ছোট বোন রুবি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, খেলাঘর জেলা শাখার সভাপতি রথিন চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ভবানী শংকর রায়, সিপিবির নেতা শিবনাথ চক্রবর্তী, রবীন্দ্র দাস। সভাপতিত্ব করেন বেগম আনজুমান আরা আকসির। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ঘটনার পর ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করে অপরাধীদের সুযোগ করে দিচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। তাঁরা আরও অভিযোগ করেন, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এলাকার একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সুজন ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, তদন্তকারী কর্মকর্তাকে ময়নাতদন্ত প্রতিবেদন আনার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব এটি সংগ্রহের চেষ্টা চলছে। এটি না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ৯ মার্চ সুমি ধর্ষণের শিকার হয়। সুমি সুজনদের বাসায় গৃহপরিচারিকার কাজ করত। সুমির পরিবারের অভিযোগ, গৃহকর্তার ছেলে সুজন এই ধর্ষণের ঘটনা ঘটান।