ইভ টিজিং প্রতিরোধ ও পাঁচআনী এলাকায় দুই তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ‘আমরা কজনা’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গত ২৮ মে সোনারগাঁয়ের পাঁচআনী এলাকায় চাচাকে গাছের সঙ্গে বেঁধে দুই ভাতিজিকে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ইভ টিজিংয়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয় কর্মসূচিতে। আমরা কজনার সোহেল আরমান, কামরুল হাসান ও রিয়াদ আহমেদ এবং সোনারগাঁ প্রেসক্লাবের সহসভাপতি আরিফুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, মানবাধিকার নেত্রী জাহানারা বেগম, সুজন-এর সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সোনারগাঁ সাহিত্য সংস্কৃতি সংস্থার সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ মানববন্ধনে অংশ নেন।