ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তাসলিমা আক্তার আফরোজার ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে ১১টি সংগঠন ও প্রতিষ্ঠান মিলে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল বুধবার এ স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠন ও প্রতিষ্ঠানগুলো হলো নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখা, উপজেলা ও ইউনিয়ন মানবাধিকার সংরক্ষণ পরিষদ, বেগম রোকেয়া ফেলো, স্বাবলম্বী উন্নয়ন সংস্থা, আইইডি ময়মনসিংহ, আলোকিত মানুষ ময়মনসিংহ, এফপিএবি ময়মনসিংহ, সারা সংস্থা ময়মনসিংহ, সূর্যের হাসি ক্লিনিক ময়মনসিংহ ও প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভা।
এর আগে একই দাবিতে গত ২০ ও ২৫ জানুয়ারি ময়মনসিংহ বন্ধুসভা, ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং নারী অধিকার রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক তিনটি মানববন্ধন হয়। অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে বলে ওই মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে গতকাল স্মারকলিপি দেওয়ার সময় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, অ্যাসিড নিক্ষেপ মামলার আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে এলাকাবাসীর কাছ থেকে তাঁরা অভিযোগ পেয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমীন জাহান বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউনিয়নের হারিশ্বর গ্রামে আফরোজা ১৫ জানুয়ারি অ্যাসিড-সন্ত্রাসের শিকার হয়। এবার তার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা। এ ঘটনায় মেয়েটির বাবা একই গ্রামের শামীমসহ তিনজনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করলেও গতকাল বিকেল পর্যন্ত কোনো আসামি ধরতে পারেনি পুলিশ।