নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে কীর্তন শুনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩০)। এলাকার লোকজন ধর্ষকদের আটক করলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও মাতবরেরা তাদের ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে ঘটনার চার দিন পর গত শুক্রবার রাতে লোহাগড়া থানায় মামলা হয়েছে। গৃহবধূর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয়জনকে আসামি করে মামলাটি করেন। মামলার পর স্থানীয় এক জনপ্রতিনিধি ও আসামিরা পরিবারটিকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।আসামিরা হলেন রঘুনাথপুর গ্রামের জসিমউদ্দিন (১৯), সোহাগ (২২), বিল্লাল হোসেন (২৩), ভারু মিয়া (২০), সালাউদ্দিন (১৯), ডাঙ্গাবাতাসী গ্রামের নান্নু মিয়া (৩০), সনেট মোল্লা (২০), নাজমুল খান (১৯) ও হাজীপাড়া বাতাসী গ্রামের রাসেল ঠাকুর (২০)।গৃহবধূর এক আত্মীয় জানান, কীর্তন শুনতে গিয়ে দিবাগত রাত তিনটার দিকে মেলার পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। এলাকার লোকজন ধর্ষকদের তাড়া করে পাঁচজনকে ধরে ফেলে। পরে ইউপি সদস্য কামরুজ্জামান মোল্লা ও অন্য মাতবরেরা তাঁদের ছেড়ে দেন।কামরুজ্জামান মোল্লা হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘রাতে সালিস হবে বলে ইউপি চেয়ারম্যান আটককৃত ধর্ষকদের ছেড়ে দিতে বলেন। তাই তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে মাতবরেরা উপস্থিত না হওয়ায় আর সালিস হয়নি।’ শালনগর ইউপির চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, ‘আমি উপস্থিত হওয়ার আগেই আসামিদের ছেড়ে দেওয়া হয়। শুনেছি তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাই বিচার করা হয়নি।’লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজ ইকবাল জানান, ঘটনার পর পুলিশকে বিষয়টি কেউ জানায়নি। এখন আসামি ধরার চেষ্টা চলছে।