সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। গতকাল সোমবার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও আরও এক সপ্তাহ সময় বাড়িয়েছে জেলা প্রশাসন। তদন্ত কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শহীদুল আলম জানান, তদন্ত নিয়ে গতকাল পর্যালোচনা সভা হয়। সভায় কমিটির সদস্যরা অগ্নিসংযোগের ঘটনার প্রত্যক্ষদর্শী ছাড়াও আরও সাক্ষ্য এবং অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়ার জন্য সময় বাড়ানোর প্রস্তাব করেন। জেলা প্রশাসন এক সপ্তাহ সময় বাড়িয়েছে। ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ ৮ জুলাই রাতে আগুনে ভসঞ্চীভূত হয়। ওই দিন সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠলে ঘটনা তদন্তে সিলেট জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি গঠন করে। জেলা প্রশাসনের তদন্ত কমিটি মোট ৫২ জন প্রত্যক্ষদর্শীর বর্ণনাভিত্তিক তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে গত রোববার এক দফা বৈঠক করে। ওই বৈঠক থেকে গতকাল তদন্ত প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গতকাল প্রতিবেদন দাখিল না করে এক সপ্তাহ সময় বাড়ানো হয়।তদন্ত কমিটির একজন সদস্য জানান, তদন্ত প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ছাত্রাবাসে অগ্নিসংযোগকারী হিসেবে ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম এলেও আত্মপক্ষ সমর্থনে তাঁদের কোনো বক্তব্য নেই। এতে তদন্ত প্রতিবেদনের একপেশে ভাব ঘোচাতে তাঁদের বক্তব্য নেওয়ার জন্য সাত দিনের সময় বাড়ানো হয়েছে।