অভিযুক্তদের বাড়ি পুড়িয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কলেজছাত্রীকে ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই তরুণের বসতঘর পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত গভীর রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ফুলমালিরচালা গ্রামে।ধর্ষণের ঘটনায় ওই ছাত্রী দুজনকে আসামি করে থানায় মামলা করেছে। তবে পুলিশ গতকাল রোববার রাত ১০টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষণের শিকার মেয়েটি সখীপুর উপজেলার একটি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী। গত ৩০ মে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে ফুলমালিরচালা গ্রামের মুকুল (৩২) ও নুরুল ইসলাম (২৮) জোর করে মোটরসাইকেলে তুলে পাশের কামালপুর গ্রামে নিয়ে যান। সেখানে গজারি বনের ভেতরে একটি ঘরে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন মুকুল। এ সময় নুরুল ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করেন। কয়েক দিন পর মুকুল ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দেন।এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মুকুল ও নুরুল ইসলামের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করে। মামলা দায়েরের এক সপ্তাহের মধ্যে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শনিবার এলাকাবাসী বিক্ষোভ করে। খবর পেয়ে রাতে স্থানীয় সাংসদ আমানুর রহমান খান সাকেদ আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আসেন এবং ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। শনিবার দিবাগত রাত তিনটার দিকে ক্ষুব্ধ লোকজন মুকুল ও নুরুলের বাড়িতে আগুন দেয়। বাড়ি দুটির পাঁচটি ঘর আসবাবসহ ভস্মীভূত হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুকুল ও ভিডিওচিত্র ধারণকারী নুরুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহ আলম তালুকদার বলেন, দলের পরিচয় দিয়ে মুকুল নানা অপকর্ম করে বেড়ান। যোগাযোগের চেষ্টা করেও মুকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মুকুলের মা বলেন, ‘আমার পোলায় যে অন্যায় করেছে, তাতে ঘর পোড়াইয়া দিয়া মানুষ উচিত বিচার করছে।’ নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বলেন, মামলার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।অভিযুক্ত দুই তরুণের বাড়িতে এলাকাবাসীর অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।