অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ ওঠা মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে কোনো বিতর্ক থাকত না।
গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের মিলনায়তনে নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে সচিব এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘১৯৯১ সালে তৈরি করা এক আইনে নির্বাচন কমিশনের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। নির্বাচন চলাকালীন সব অপকর্মের দায় এখন নির্বাচন কমিশনারের কাঁধে। আর চাইলেই কমিশন এর দায় এড়াতে পারবে না।’
সচিব বলেন, ‘আপনারা লক্ষ করবেন, নির্বাচনের সময় যদি কোনো অপকর্মের সৃষ্টি হয়ে থাকে, সেটি হয়েছে মাঠপর্যায়ে। আর আপনারাই মাঠে কাজ করেন, নির্বাচন কমিশনার নয়। যাঁদের কারণে এ পর্যন্ত অপকর্ম সৃষ্টি হয়েছে, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।’