অভিযুক্তদের সঙ্গে গোপন বৈঠক পেট্রোবাংলার তদন্ত দলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বেসরকারি সংস্থা টিএমএসএসের অঙ্গ প্রতিষ্ঠান মেসার্স বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল) পেপার মিলে অনুমোদনের অতিরিক্ত গ্যাস ব্যবহারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পর এ তৎপরতার সঙ্গে জড়িত পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পেট্রোবাংলা।
তবে পেট্রোবাংলার তদন্তকারী দল পিজিসিএলের অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গতকাল শনিবার ছুটির দিনে খানিকটা চুপিচুপি বিসিএল পেপার মিল পরিদর্শনে আসায় তদন্ত কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গতকাল পেট্রোবাংলার জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্তকারী দল বগুড়ার ঠেঙ্গামারা এলাকায় বিসিএল পেপার মিল পরিদর্শনে এসে কারখানার ভেতরেই মালিকপক্ষের প্রভাবশালী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এ সময় তদন্ত দলের অপর দুই সদস্য পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম ও হারুনুর রশীদ ভূঁইয়া সঙ্গে ছিলেন। তবে পিজিসিএলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত দল গঠন করা হলেও তদন্ত দলের সঙ্গে ছিলেন পিজিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং) কামরুজ্জামান খান এবং বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক গোলাম মোরশেদ।
দুপুরের দিকে তাঁরা দুটি গাড়িতে করে পেপার মিলে প্রবেশ করে মালিকপক্ষের সঙ্গে গোপন বৈঠকে বসেন।
এ খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বেলা একটার দিকে বিসিএল পেপার মিলের ফটকে যান। এ সময় মিলের লোকজন ফটকেই আটকে দেন গণমাধ্যমকর্মীদের। তাঁরা জানান, মালিকপক্ষের নিষেধ আছে। এরপর গণমাধ্যমকর্মীরা পেট্রোবাংলার তদন্তকারী দলের প্রধান নুরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। অবস্থা বেগতিক দেখে মুঠোফোন পাওয়ার ১৫ মিনিটের মাথায় গাড়িতে চড়ে মিলের ফটক দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। এ সময় ফটকের সামনে অপেক্ষারত আলোকচিত্রীরা গাড়ির জানালা দিয়ে ছবি তুলতে শুরু করলে তাঁরা মুখ লুকানোর চেষ্টা করেন। বিসিএল পেপার মিলের অন্যতম কর্ণধার আলী হায়দারসহ অন্য কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের মুখে তদন্ত দলের প্রধান নুরুল ইসলাম বলেন, এটি গোপন কোনো বৈঠক নয়, সরকারি নির্দেশেই তাঁরা তদন্তে এসেছেন। তদন্তকালে গত ছয় দিনে অনুমোদনের অতিরিক্ত কোনো গ্যাস ব্যবহারের প্রমাণ মেলেনি। পিজিসিএলের অভিযুক্তদের সঙ্গে নিয়ে তদন্তে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই তদন্ত করা হচ্ছে।’ এর বেশি কিছু না বলেই দ্রুত গাড়ি নিয়ে কেটে পড়েন তিনি।
পিজিসিএলের বগুড়ার ব্যবস্থাপক গোলাম মোরশেদ বলেন, ‘শনিবারে ছুটির দিনে তদন্তে আসার কারণে আমাদেরও অফিস বন্ধের দিনে নথিপত্রসহ অন্যান্য সহযোগিতা দিতে তদন্তকারী দলের সঙ্গে থাকতে হয়েছে।’