নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্রাহ্মণদি উপজেলা চেয়ারম্যানের ভাতিজা নাঈম তারেকের ফাঁসি এবং স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান পদ থেকে লাক মিয়ার পদত্যাগের দাবিতে পৃথক দুটি স্থানে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ব্রাহ্মণদি ইউনিয়ন পরিষদের সামনে এবং দিঘলদী বাজারে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দিঘলদী বাজার জামে মসজিদ, মারুয়াদী জামে মসজিদ ও দিঘলদী কান্দাপাড়া জামে মসজিদের মুসল্লিরা অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পুলিশ ঘটনার ১৮ ঘণ্টার পর মামলা নিলেও সাত দিন অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের সঙ্গে সখ্য থাকায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা।গ্রামবাসীর অভিযোগ, চেয়ারম্যান লাক ও তাঁর লোকজন মামলা তুলে নেওয়ার জন্য ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই স্কুলছাত্রীর পরিবার।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে পুলিশের সঙ্গে আসামিদের সখ্য থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি।