অভিযুক্তের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মিরপুরে স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যাংক কর্মকর্তা আমানুল্লাহর দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের শেরেবাংলা মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ‘পঞ্চগড়বাসী’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার জন্য একটি স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন স্মারকলিপিটি গ্রহণ করেন।
গত ৫ নভেম্বর রাতে রাজধানীর মিরপুরের ৬৭/১ মধ্য পাইকপাড়ার ভাড়াবাড়িতে গৃহবধূ আইরিন আক্তার ও তাঁর আট বছরের ছেলে সাবিত হোসেনকে খুন করা হয়। এ ঘটনায় পুলিশ আইরিনের স্বামী পূবালী ব্যাংকের কর্মকর্তা আমানুল্লাহকে আটক করে। পরদিন আইরিনের চাচা ইউনুস হাওলাদার বাদী হয়ে মিরপুর মডেল থানায় আমানুল্লাহর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। স্মারকলিপিতে বলা হয়, ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে আইরিন ও তাঁর শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে।
মানববন্ধনে পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সাবিদের মামা অপু রহমান, খালা মিলি আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।