প্রতিকার চাইলে প্রার্থীদের যেতে হবে নির্বাচনী ট্রাইব্যুনালে
অভিযোগ আমলে না নিয়েই গেজেট প্রকাশ করল ইসি
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল পরিবর্তনের বিষয়ে প্রার্থীদের অভিযোগ আমলে না নিয়েই বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের নাম গেজেটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশ হওয়ায় কমিশনে আর এসব অভিযোগের প্রতিকারের সুযোগ নেই। এখন প্রতিকার চাইলে প্রার্থীদের ফল চ্যালেঞ্জ করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হবে।
গত ২৮ এপ্রিল এ তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনের পরের দিন থেকে গত সোমবার প্রায় ১০০ অভিযোগ এসেছে। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের ফল পরিবর্তন, সুনির্দিষ্ট প্রমাণসহ অন্যান্য অভিযোগ রয়েছে প্রায় অর্ধশত। বেশি অভিযোগ এসেছে চট্টগ্রামের কাউন্সিলর পদপ্রার্থীদের কাছ থেকে। এর পরই রয়েছে ঢাকা দক্ষিণের প্রার্থীদের অভিযোগ।
কমিশন সচিবালয়ের নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে কমিশন নির্বাচনের ফল পরিবর্তনের অভিযোগ এলে তা আমলে নিয়ে গেজেট প্রকাশ স্থগিত রাখত। এরপর তদন্ত করে অথবা ভোট পুনরায় গণনা করে গেজেট প্রকাশ করত। সিটি করপোরেশন নির্বাচনী আইনেও এ ধরনের সুযোগ রয়েছে। কিন্তু কমিশন এবার ভোট গ্রহণ শেষ হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে ৩০ এপ্রিল রাতে ঢাকা দক্ষিণের ৮, ৩৫ ও ৫৩ নম্বর ওয়ার্ড বাদ রেখে বাকিগুলোর গেজেট প্রকাশ করে।
জানতে চাইলে কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘কমিশনের নির্দেশে দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী অভিযোগ নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তির ফলও সহজ। অভিযোগকারীদের বলা হবে, এখন আর কমিশনের কিছু করার নেই। আপনারা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।’
নির্বাচনী আইনে বলা আছে, সিটি করপোরেশন নির্বাচনের মামলা নিষ্পত্তির জন্য কমিশন সংশ্লিষ্ট যুগ্ম জেলা জজের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে ট্রাইব্যুনালে মামলা করতে হবে। সোমবার কমিশন সচিবালয় থেকে ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিযোগ তদন্ত করা হবে। তবে কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশনের সে ধরনের উদ্যোগ নেই। নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের তদন্ত হওয়া উচিত। কারণ নিজেদের কাছে স্বচ্ছ থাকার জন্যই জানতে হবে, আমরা ভালো করলাম, কী খারাপ করলাম। যদিও গেজেট হয়ে যাওয়ায় এই তদন্ত থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা কোনো প্রতিকার পাবেন না। তাঁদের আদালতে যেতে হবে। কমিশন শুধু অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে।’
ফল পাল্টানোর অভিযোগ: কমিশন সচিবালয় সূত্র জানায়, ৩০ এপ্রিল চট্টগ্রাম সিটির ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম কমিশনে করা অভিযোগে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কফিল উদ্দিন খান তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে সাতটি কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেন।’ সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম (হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও নাজনীন আরা (আউলিয়া আবদুস মোনায়েম উচ্চবিদ্যালয়) এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।
চট্টগ্রামের ২৫ নম্বর ওয়ার্ডের আবদুস সবুর অভিযোগে বলেন, ডিউপয়েন্ট বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা তাঁদের যে বিবরণী দিয়েছেন, তাতে এস এম এরশাদ উল্লাহ ৩৮১ ভোট পেয়েছেন। কিন্তু চূড়ান্ত বিবরণীতে ওই কেন্দ্রে এরশাদ পেয়েছেন ৬১ ভোট। ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, কাউন্সিলর প্রার্থী মো. ইলিয়াসের লোকজন মডার্ন প্রাথমিক বিদ্যালয়, হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়, বি-ব্লক প্রাথমিক বিদ্যালয়, ওসমান গণি সুন্নিয়া মাদ্রাসা দখল করে জাল ভোট দিয়ে বাক্স ভর্তি করে। এই প্রার্থীর ‘ঘুড়ি’ প্রতীকে সিল মারা কয়েকটি ব্যালট বই কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী চৌধুরী সায়েফুদ্দীন সিদ্দিকী, ৩৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম চৌধুরী ও ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবদুল মালেকও কেন্দ্র দখল করে সিল মারা ও ফল বদলে ফেলার অভিযোগ করেছেন।
ঢাকা দক্ষিণের ৫৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনির হোসেন অভিযোগে বলেছেন, প্রিসাইডিং কর্মকর্তার সই করা ১৪টি কেন্দ্রের ফলাফল বিবরণীতে দেখা গেছে তাঁর প্রাপ্ত ভোট ৩ হাজার ৮২৭। কিন্তু চূড়ান্ত বিবরণীতে ২০টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৩ হাজার ৪৮৯ ভোট। ৩১ নম্বর ওয়ার্ডের জুবায়েদ আদেল অভিযোগে বলেছেন, প্রিসাইডিং কর্মকর্তার নথি অনুযায়ী মৌলভীবাজার কমিউনিটি সেন্টার ও আরমানিটোলা প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়েছে ৩১০টি ও ৫২৭টি। কিন্তু গণনার সময় দেখা যায় যথাক্রমে ৬১০ ও ১ হাজার ৫২৭ ভোট।
দক্ষিণের ১৪ নম্বর ওয়ার্ডের ইলিয়াছুর রহমান ও ৫৪ নম্বরের মোয়াজ্জেম হোসেন এবং ঢাকা উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাওসার আহমেদসহ অনেকে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে বলেন, কোনো প্রার্থী অভিযোগ করলে কমিশন গেজেট প্রকাশের আগে তদন্ত করতে পারে। কিন্তু গেজেট হয়ে গেলে কমিশনের কিছুই করণীয় থাকে না।