অভিযোগ আমলে নেওয়া হবে কি না, আদেশ ১১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। আসামিদের বিরুদ্ধে গত রোববার আনুষ্ঠানিক ছয়টি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ।
আট আসামির মধ্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নান, তাঁর ছেলে মো. রফিক সাজ্জাদ এবং ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলী কারাগারে আছেন। পলাতক আসামিরা হলেন মো. ফখরুজ্জামান, মো. আবদুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন কৌঁসুলি সুলতান মাহমুদ ও রেজিয়া সুলতানা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও কুতুব উদ্দিন আহমেদ।
রেজিয়া সুলতানা বলেন, তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ময়মনসিংহ অঞ্চলে হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমের মতো ছয়টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে ১১ ডিসেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গত বছরের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন একটি মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালত পরে আরজিটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।