প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে চার বছরের শিশু কবিতা খাতুনকে অপহরণ ও হত্যা মামলার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল রোববার জেলা ও দায়রা জজ কবিতা খানমের আদালতে এই অভিযোগ গঠন করা হয় বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি জোবদুল হক। তিনি জানান, আদালত জানুয়ারি মাসের ৬, ৭, ৮ তারিখে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের শিহাব রেজা (২৪) ও শংকরবাটি মহল্লার সাগর আহমেদ (২৪) ও জহির হোসেন। গত ৩০ আগস্ট পৌর এলাকার বটতলা হাটের নিজ বাড়ির সামনে থেকে কবিতাকে শিহাব রেজা ও সাগর আহমেদ অপহরণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে ওই শিশুকে হত্যা করে লাশ মাটিচাপা দেন। ৪ সেপ্টেম্বর শিহাব ও সাগরকে গ্রেপ্তারের পর ওই দিন রাতেই কবিতার মরদেহ উদ্ধার করে র্যাব।