আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের তারিখ আবার পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। মামলার অন্যতম আসামি সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে অসুস্থতার জন্য আদালতে হাজির না করায় অভিযোগ গঠন হয়নি। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আগামী ৩ আগস্টই অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও সরকার পক্ষের আইনজীবী কিশোর কুমার কর জানান, সব আসামি হাজির না হওয়ায় নতুন তারিখ পড়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এ নিয়ে অভিযোগ গঠনের তারিখ চতুর্থবারের মতো পেছাল। এর আগে ১৪ জুলাই, ৬ জুলাই ও ২১ জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের তারিখ ছিল। গতকাল মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র জি কে গউছ, হরকাতুল জিহাদের জঙ্গিসহ ১৩ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল।