অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শর্মিলা শাহরিন পলিন হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে আসামিদের করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন (আউট অব লিস্ট)। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর প্রথম আলোকে বলেন, এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আইনগত বাধা নেই।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ।
২০০৫ সালে দ্বাদশ শ্রেণির ছাত্রী শর্মিলা হত্যার প্রায় ১১ বছর পর গত ৩ মার্চ এই মামলায় কলেজের সাবেক অ্যাডজুটেন্টসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ময়মনসিংহের জেলা দায়রা আদালত। এই পাঁচজন হলেন কলেজের তৎকালীন অ্যাডজুটেন্ট মেজর নাজমুল হক (বর্তমানে লে. কর্নেল, সেনাসদরে কর্মরত), তৎকালীন সহযোগী অধ্যাপক মো. আবুল হোসেন, তৎকালীন সার্জেন্ট মো. নওশের উজ জামান (বর্তমানে ওয়ারেন্ট অফিসার), তৎকালীন নিরাপত্তারক্ষী হেনা বেগম (বর্তমানে কলেজের ডরমিটরি বেয়ারা) এবং তৎকালীন ডিএজি মুনির আহমেদ চৌধুরী। এঁদের মধ্যে মুনির আহমেদ পলাতক রয়েছেন। আগামী ৯ জুন এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
মামলাসূত্রে জানা যায়, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে শর্মিলার মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে। কিন্তু ২০১৩ সালে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে, শর্মিলাকে হত্যা করা হয়েছিল এবং ঘটনাটি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজিয়েছিল।