অভিযোগ গঠনের জন্য নূর হোসেনের মামলা জজ আদালতে
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন এবং তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য মামলা সে দেশের জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে গতকাল শনিবার ওই মামলা পাঠিয়ে দেন।
১৩ জানুয়ারি জেলা ও দায়রা জজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন। পরে মামলা বিচারের জন্য অন্য কোনো বিচারকের আদালতে স্থানান্তরিত করার কথা। এই মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সাড়ে চার মাসে অভিযোগ গঠনে আটবার তারিখ দেওয়া হয়। তবে প্রতিবারই তিন আসামিদের কেউ না কেঊ অনুপস্থিত থাকায় অভিযোগ গঠন করা যায়নি।
মামলাটি জেলা জজ আদালতে পাঠানোর আগে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম নূর হোসেনকে আইনজীবী নিয়োগের বিষয়ে জিজ্ঞেস করেন। হাকিম আদালতের পক্ষ থেকে তাঁর জন্য আইনজীবী নিয়োগ করার কথা বলেন। এ সময় নূর হোসেন আদালতকে জানান, তাঁর পরিজনেরা বাংলাদেশ থেকে এসে তাঁর পক্ষে আইনজীবী নিয়োগ করবেন।