
এর আগে গত ২৯ সেপ্টেম্বর, ৯ নভেম্বর, ১০ জানুয়ারি মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকলেও একই কারণে পিছিয়ে যায়
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ একই কারণে চতুর্থবারের মতো পিছিয়ে গেল। মামলার প্রধান আসামি সাংসদ আমানুরকে অসুস্থতাজনিত কারণে আদালতে উপস্থিত না করায় গতকাল বুধবার অভিযোগ গঠন হয়নি।
এর আগেও মামলার তিনটি তারিখে অসুস্থতাজনিত কারণে তাঁকে হাজির করা হয়নি। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া ছুটিতে থাকায় অপর বিচারক রাশেদ কবির অভিযোগগঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেন আগামী ১৫ মার্চ।
মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সাংসদ আমানুর অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই কারণে মামলার পূর্বনির্ধারিত দিন গতকাল বুধবার তাঁকে টাঙ্গাইলে আনা হয়নি। এর আগে গত ২৯ সেপ্টেম্বর, ৯ নভেম্বর, ১০ জানুয়ারি মামলার অভিযোগগঠনের দিন নির্ধারিত থাকলেও একই কারণে পিছিয়ে যায়।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার তিন দিন পর ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলাটি প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে জেলা গোয়েন্দা পুলিশের ওপর তদন্তভার ন্যস্ত হয়। তদন্তকালে ২০১৪ সালের আগস্টে আনিছুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা জানান, এই হত্যার সঙ্গে সাংসদ আমানুর ও তাঁর তিন ভাই জড়িত। এরপর আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপন করেন।
গত বছরের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে পুলিশ আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২২ মাস পলাতক থাকার পর গত বছরের ১৮ সেপ্টেম্বর সাংসদ আমানুর আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে তাঁকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে। এ ছাড়া ফারুক আহমেদ হত্যা ও ঘাটাইলের ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেল হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে গত ১৬ জানুয়ারি সাংসদ আমানুরকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়।