অভিযোগ গঠনের নতুন তারিখ ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুটি মামলায় আসামিপক্ষের আবেদনের কারণে অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। একই সঙ্গে আদালত মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ১৪ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতে সব আসামির উপস্থিতিতে বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালত এ আদেশ দেন।
অভিযোগ গঠনের ধার্য তারিখ ছিল ১১ জানুয়ারি। অসুস্থতার কারণ দেখিয়ে আসামি র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ আদালতে হাজির হননি। তাই ওই দিনই অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বলেন, দুটি মামলায় অভিযোগ গঠনের জন্য তারিখ ধার্য থাকলেও কয়েকজন আসামি প্রয়োজনীয় কাগজপত্র (নকল) না পাওয়ায় ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণের জন্য আদালতের কাছে সময়ের আবেদন জানান। শুনানি শেষে আদালত ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। তিনি বলেন, আদালতে নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ১৪ আসামির জামিন আবেদন রাষ্ট্রপক্ষের বিরোধিতার মুখে নামঞ্জুর হয়েছে। আদালত পরে আসামিদের আবার কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
দুই মামলার একটির বাদী সেলিনা ইসলামের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান অভিযোগ করেন, নূর হোসেনের লোকজন মামলার বাদী, তাঁর পরিবারের সদস্য এবং সাক্ষীকে হুমকিধমকি দিচ্ছেন। এতে বাদী ও পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তিনি এই মামলায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে অপহৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় দুটি মামলা হয়। চার সহযোগীসহ মেয়র নজরুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম একটি মামলা করেন। আর জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় অপর মামলাটি করেন চন্দনের জামাতা বিজয় কুমার পাল।