মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এ কে এম নাসিরুদ্দিন মাহমুদের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ১০ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
এদিকে দুই মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরীসহ আট আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় অধিকতর তদন্তের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হাশেম প্রথম আলোকে জানান, সীতাকুণ্ড থানার দুই মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র থেকে উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরীসহ আটজনকে অব্যাহতি দেয়। এ অভিযোগপত্রের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নারাজি আবেদন করে অধিকতর তদন্তের আবেদন করেন। গতকাল বুধবার শুনানি শেষে আদালত এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে অপেক্ষমাণ রাখেন।
পিপি আরও জানান, দুই মামলায় সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও আদালত আগামী ১০ নভেম্বর পরবর্তী দিন ধার্য রাখেন।
সাকার আইনজীবী এনামুল হক জানান, অভিযোগ গঠন থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে আদালতে। এ বিষয়ে আগামী ধার্য দিনে শুনানি হবে।
এদিকে সাকা চৌধুরীকে গতকাল সকাল ১০টা ১৫ মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ১১টা ১০ মিনিটে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে প্রায় আড়াই শ পুলিশ মোতায়েন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকার পল্টনে খালেদা জিয়াকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সলিমপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা চালানো হয়। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলে তারা সালাউদ্দিন কাদেরের নির্দেশে গাড়ি পোড়ানো ও ভাঙচুর চালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেয় আদালতে। পরে এ ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় সালাউদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন ।