রাজধানীর পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন মহানগর হাকিম আদালত।
গতকাল বুধবার এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ কয়েকজনের পক্ষে সময়ের আবেদন করে আইনজীবী জয়নুল আবেদীন আদালতে বলেন, হরতালের কারণে তাঁরা আদালতে হাজির হতে পারেননি। শুনানি শেষে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভুইয়া আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন। গত বছরের ২ মার্চ পল্টন থানার পুলিশ ওই মামলা করে।
মওদুদসহ ৪১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা পৃথক একটি মামলায় গতকাল একই আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওই মামলায় আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আদালত ৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।