সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আদালত আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। অস্ত্র উদ্ধার মামলার দুই আসামি হলেন এহতেশামুল হক ওরফে ভোলা ও তাঁর সহযোগী মনির হোসেন।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন করা হয় মাহমুদা খানমকে। হত্যার ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে পুলিশ বাদী হয়ে বাকলিয়া থানায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করে। ২৮ জুলাই অস্ত্র মামলায় দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি মনির হোসেনকে গতকাল আদালতে হাজির না করায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
মাহমুদা হত্যা মামলার আসামি ওয়াসিম গত ২৫ জুন পুলিশের কাছে স্বীকার করেন, হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি ঘটনার আগের রাতে ভোলার কাছ থেকে সংগ্রহ করেন কামরুল শিকদার ওরফে মুছা। হত্যাকাণ্ডের পর ভোলাকে আবার অস্ত্র ফেরত দেওয়া হয়। ওয়াসিমের দেওয়া তথ্য অনুযায়ী বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে গত ২৭ জুন ভোলাকে গ্রেপ্তার করা হয়। ভোলার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন একই এলাকা থেকে রিকশাচালক মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে পিস্তল, রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। পিস্তলটি মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের তদন্তে ও অস্ত্র মামলার অভিযোগপত্রে ভোলা কার নির্দেশে মুছাকে অস্ত্র দিয়েছিলেন, তা উঠে আসেনি। পুলিশ বলছে, মুছা মাহমুদা হত্যার মূল পরিকল্পনাকারী। তাঁকে গ্রেপ্তার করা গেলে এ মামলার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। অবশ্য মুছার পরিবার দাবি করছে, তাঁকে ধরে নিয়ে গেছে পুলিশ। যদিও এটি অস্বীকার করে মুছাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে পুলিশ।
গত ২৪ জুন মধ্যরাতে ঢাকার বনশ্রী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে তুলে নিয়ে যায় পুলিশ। প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে আবার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে পুলিশ জানায়, বাহিনী থেকে পদত্যাগ করেছেন তিনি। পরে বাবুল বলেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি। পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আবেদন করেছেন তিনি। ৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে চাকরিচ্যুত করা হলো।’