অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে, ভোলার জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে শুনানির দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এই দুই আসামি হলেন এহতেশামুল হক ওরফে ভোলা ও তাঁর সহযোগী মনির হোসেন।

গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়। গত ২৮ জুলাই অস্ত্র মামলায় আদালতে ওই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মাহমুদা হত্যা মামলাটি তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। কিন্তু আসামি মনির হোসেনকে হাজির না করায় শুনানি পিছিয়ে গেছে। আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আসামি ভোলার জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।

আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ‘মাহমুদা হত্যা মামলার আসামি মোতালেব ওরফে ওয়াসিম গত ২৫ জুন গ্রেপ্তারের পর স্বীকার করেন, মাহমুদা হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি তাঁদের সহযোগী ও দলনেতা মুছা ঘটনার আগের রাতে ভোলার কাছ থেকে সংগ্রহ করেন। হত্যাকাণ্ডের পর ভোলার কাছে এগুলো ফেরত দেওয়া হয়। এই তথ্যের ভিত্তিতে বাকলিয়া থানার রাজাখালী এলাকা থেকে ২৭ জুন ভোলাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার রিকশাচালক মনির হোসেনকে পরদিন ভোরে গ্রেপ্তার করা হয়। মনিরের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করা হয়। এর মধ্যে পিস্তলটি মাহমুদা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রাখায় আসামি ভোলা ও মনিরের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো।’
ভোলা কার নির্দেশে মুছাকে অস্ত্র দিয়েছিলেন, তা তদন্তে ওঠে আসেনি। ভোলা ও মনিরকে অস্ত্র মামলায় বাকলিয়া থানার পুলিশ রিমান্ডে নিয়ে যায়। ভোলা জবানবন্দি দেননি। মনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে ভোলা তাঁকে (মনির) অস্ত্রগুলো রাখতে দিয়েছেন বলে স্বীকার করলেও ভোলা কার কাছ থেকে অস্ত্র পেয়েছেন এবং কার নির্দেশে ভোলা মুছাকে মাহমুদা হত্যায় ব্যবহারের জন্য এগুলো দিয়েছেন, জবানবন্দিতে তা তিনি স্বীকার করেননি।

মাহমুদা হত্যার ২১ দিন পর ২৬ জুন গ্রেপ্তার করা হয় ওয়াসিম ও আনোয়ারকে। ওই দিন সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ সম্মেলন করে বলেন, মুছার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে। এতে ওয়াসিম, আনোয়ারসহ সাত-আটজন অংশ নেন। এর আগে গ্রেপ্তার হওয়া আবু নছর ওরফে গুন্নু ও শাহজামান রবিন এই হত্যাকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি। তাঁরা দুজন কারাগারে রয়েছেন।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর ওয়াসিম ও আনোয়ার আদালতে জবানবন্দি দেন। তাঁরা বলেন, মুছার নেতৃত্বে হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু মুছা কার নির্দেশে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে ব্যাপারে তাঁরা কিছু বলেননি। জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, মুছা ও মো. কালু অংশ নেন। তাঁদের মধ্যে নবী ও রাশেদ গত ৪ জুলাই রাঙ্গুনিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।