অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার একজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় গতকাল সোমবারও অভিযোগ গঠনের শুনানি হয়নি। ১৫ মার্চ অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর আগে গত ১১ জানুয়ারি ও ১০ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কারাগারে থাকা সব আসামি আদালতে হাজির না হওয়ায় শুনানি হয়নি।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার ধার্য তারিখে ফেনী ও কুমিল্লা কারাগারে থাকা আসামিদের জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে হাজির করা হয়।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, ঢাকার কেন্দ্রীয় কারাগারে থাকা একরাম হত্যা মামলার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়নি। কারাগারে থাকা সব আসামিকে হাজির না করায় মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। ১৫ মার্চ মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী কারাগারে থাকা ৩১ জন ও কুমিল্লা কারাগারে থাকা ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের আবারও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গত বছরের ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে মুক্তি পেয়েছেন।
২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।