বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা দুটি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে গতকাল বুধবার শুনানি হয়নি। গতকাল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির ধার্য দিনে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ ধার্য করেন।
এ দুই মামলার আসামিদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম, বিএনপির নেতা এম কে আনোয়ার, মওদুদ আহমদ, আমানউল্লাহ, মাহবুব উদ্দিন খোকন গতকাল আদালতে হাজির ছিলেন।
এর মধ্যে গত বছর রাজধানীর রমনা থানা এলাকায় ভিকারুননিসা নূন স্কুলের সামনে গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে করা মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ ৪ ডিসেম্বর এ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১২ সালের ২৯ এপ্রিল রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাস পোড়ানোর ঘটনায় করা অপর মামলায় আসামি হলেন মির্জা ফখরুলসহ বিএনপি-জামায়াত জোটের ৪৬ নেতা-কর্মী। তেজগাঁও থানায় করা এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিনও গতকাল ধার্য ছিল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম আতাউল হক ২৭ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেন।