অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার কয়েকজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় গতকাল সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। আগামী ১০ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার ধার্য তারিখে ফেনী কারাগারে থাকা আসামিদের জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফি উল্যার আদালতে হাজির করা হয়।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, একরাম হত্যা মামলার একজন আসামি ঢাকার কেন্দ্রীয় কারাগারে এবং ছয়জন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন। গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়নি। কারাগারে থাকা সব আসামিকে হাজির না করায় মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। ১০ ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে গতকাল আদালতে কয়েকজন আসামির জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় গত বছর ২৮ আগস্ট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার ৪২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো না-কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি ১৪ আসামি এখনো পলাতক।
২০১৪ সালের ২০ এপ্রিল ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা।