অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর একটি অস্ত্র মামলার কয়েকজন আসামি আদালতে অনুপস্থিত থাকায় গতকাল সোমবার অভিযোগ গঠনের শুনানি হয়নি। ২৯ মার্চ অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
গত বছরের ৬ জুন ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ ও ছাত্রলীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে র্যা ব। গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁরা কারাগারে আছেন। এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা গত ২৮ ডিসেম্বর ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার ধার্য তারিখে ফেনী কারাগারে থাকা ১২ জন আসামিকে জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে হাজির করা হয়।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহম্মদ বলেন, আসামিদের মধ্যে ১৪ জন কাশিমপুর কারাগারে আছেন। গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়নি। কারাগারে থাকা সব আসামিকে হাজির না করায় মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। ২৯ মার্চ মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে গতকাল সাত আসামির জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।