অভিযোগ গঠনের শুনানি ২২ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শিলংয়ে অনুপ্রবেশের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে আগামী সপ্তাহে অভিযোগ গঠন করা হচ্ছে। ২২ জুলাই শিলংয়ের ম্যাজিস্ট্রেটের আদালতে এ নিয়ে শুনানি হবে। শিলং নগরের পুলিশ সুপার বিবেক সিয়াম গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।
সিয়াম জানান, গত বুধবার শিলংয়ের জেলা ম্যাজিস্ট্রেট কে এম এল নংব্রি অভিযোগ গঠনের শুনানির দিনক্ষণ ঘোষণা করেন। এ সময় এজলাসে সরকারপক্ষের আইনজীবী আই সি ঝা এবং সালাহ উদ্দিন আহমদের আইনজীবী এস পি মাহান্তা উপস্থিত ছিলেন।
বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলংয়ের পুলিশ সালাহ উদ্দিনের বিরুদ্ধে ‘ফরেনার্স অ্যাক্ট-৪৬’-এ মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
এ ধরনের মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে—এমন দুই আইনজীবী এই প্রতিবেদককে জানান, ২২ জুলাই দোষ স্বীকার করলে সালাহ উদ্দিনের বিরুদ্ধে সাজার তারিখ ঘোষণা করা হবে। আর দোষ স্বীকার না করলে বিচার-প্রক্রিয়া শুরু হবে।
গত ১১ মে ভোরে সালাহ উদ্দিন আহমদকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাঁকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় সেখানকার সিভিল হাসপাতালে। এরপর শিলং সদর থানা হয়ে নেওয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর পুলিশ ২৬ মে এই বিএনপি নেতাকে শিলং সদর থানা হেফাজতে নিয়ে যায়।