অভিযোগ গঠনের শুনানি ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি হবে ২২ সেপ্টেম্বর। সিলেট মহানগর হাকিম আদালত থেকে গতকাল বুধবার মামলার নথি সিলেট মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের পর বিচারক আকবর হোসেন মৃধা এ তারিখ নির্ধারণ করেন।

শুনানি শেষে ২২ সেপ্টেম্বর আদালতে অভিযোগ গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ। তিনি জানান, ৭ সেপ্টেম্বর মহানগর মুখ্য হাকিম আদালত থেকে মামলাটি জজ আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।

সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় গত ৮ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা রাজনকে আটক করে নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে সে মারা যায়। লাশ গুম করার চেষ্টার সময় জনতা হাতেনাতে একজনকে পুলিশে ধরিয়ে দিলেও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।

রাজনকে নির্যাতন করার সময় ভিডিওচিত্র ধারণ করেছিল নির্যাতনকারীরা। ২৮ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওচিত্র নিয়ে গত ১২ জুলাই প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে-বিদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ জানায়, পালিয়ে সৌদি আরবে চলে গেলেও মূল হোতা কামরুল ইসলামকে জনতা আটক করে সৌদি পুলিশের হেফাজতে দেয়। দেশে থাকা নির্যাতনকারীদেরও একে একে ধরিয়ে দেয় জনতা। এ ঘটনায় গাফিলতির অভিযোগে জালালাবাদ থানায় কর্তব্যরত পুলিশ পরিদর্শকসহ আরও দুজন উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়।

আদালত সূত্র জানায়, ১৬ জুলাই মামলার তদন্তভার দেওয়া হয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে। এক মাসের মধ্যে ঘটনার তদন্ত করে ডিবি পুলিশ ১৬ আগস্ট আদালতে সৌদি আরবে থাকা কামরুলকে প্রধান আসামি করে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।