অভিযোগ গঠনের শুনানি ২৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইমাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে চেক প্রত্যাখ্যানের ৪১ কোটি টাকার আটটি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত ২৪ জুন পরবর্তী দিন ধার্য করেছেন।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, উচ্চ আদালতের দোহাই দিয়ে বারবার আসামিপক্ষ বিচার শুরু করতে সময়ক্ষেপণ করছে। মামলাগুলো খারিজ করতে আসামিপক্ষ উচ্চ আদালতে কোয়াশমেন্ট করলেও ২০১২ সালের ৩০ এপ্রিল আবেদনটি খারিজ করে দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে িলভ টু আপিল করছেন বলে দাবি করলেও এ-সংক্রান্ত কোনো কাগজপত্র আদালতে এসে পৌঁছায়নি। আসামিপক্ষ যে ইনফরমেশন স্লিপ দিয়েছে, তা সঠিক কি না, যাচাই করছেন আদালত। স্লিপে থাকা নম্বরে একাধিকবার যোগাযোগ করেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পাওয়া যায়নি।

আসামিপক্ষের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু বলেন, ‘আমরা যে ইনফরমেশন স্লিপ জমা দিয়েছি, সেটিকে ফেক বলছে রাষ্ট্রপক্ষ। এটা বলার এখতিয়ার ওনার নেই।’
আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের ইসলামী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে ৪১ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে ২০১২ সালে মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আরও ৯১ কোটি টাকার ২৪টি মামলা অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে।