অভিযোগ গঠনের শুনানি ২৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের খসড়া ফাঁসের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় সাকা চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজন আসামি।
বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক এস এম শামসুল আলম গতকাল বুধবার শুনানির এই দিন ধার্য করেন। গতকাল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে আটক আসামি আইনজীবী ফখরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলীকে হাজির না করায় আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।
সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরী আদালতে হাজির ছিলেন। অপর আসামি মেহেদী হাসান পলাতক আছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী, পরিবারের সদস্য ও তাঁর আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তাঁরা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। এ ঘটনায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ ওই বছরের ২ অক্টোবর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় এ মামলা করেন। গত বছরের ২৮ আগস্ট সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।