মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে৷ গতকাল রোববার ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ লা মং শুনানি শেষে আগামী ৩ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, অভিযোগ গঠন থেকে আসামিকে অব্যাহতি, শুনানির জন্য প্রস্তুত না থাকায় সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী৷ এ ছাড়া রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হয়েছে। বিচারক তিনটি আবেদনের ওপর শুনানি ও অভিযোগ গঠনের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, গতকাল বেলা পৌনে ১১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সালাউদ্দিন কাদেরকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়৷ ওই সময় আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়৷ আদালতে প্রায় সাড়ে তিন শ পুলিশ মোতায়েন করা হয়। শুনানি শেষে সাড়ে ১১টায় সালাউদ্দিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়৷ তাকে প্রিজনভ্যানে তোলার সময় বিএনপির কিছু নেতা-কর্মী বিশৃঙ্খলার চেষ্টা করেন৷ পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে সালাউদ্দিনকে হাজির করা নিয়ে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করায় আদালতের মূল ফটকে দুর্ভোগে পড়েন বিচারপ্রার্থীরা৷
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকার পল্টনে খালেদা জিয়াকে সভা করতে না দেওয়ার প্রতিবাদে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও সলিমপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ নাশকতা চালানো হয়৷ এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলে তারা সালাউদ্দিন কাদেরের নির্দেশে গাড়ি পোড়ানো ও ভাঙচুর চালানোর কথা স্বীকার করে জবানবন্দি দেন আদালতে।