নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী ২৮ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, মামলাটি গত অক্টোবরে মহানগর দায়রা জজ আদালত থেকে ট্রাইব্যুনালে আসে। মঙ্গলবার আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল। পরে আদালত ২৮ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।
২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি ভাড়া বাসা থেকে কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হালিশহর থানার পুলিশ হত্যা মামলা করে। তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর সিআইডির চট্টগ্রামের তৎকালীন পরিদর্শক কাজল কান্তি চৌধুরী তিন নারীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।