অভিযোগ জানিয়েও প্রতিকার পাচ্ছেন না ইজারাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার বাকি আর মাত্র এক দিন। কিন্তু চট্টগ্রাম নগরের অলিগলিতে গড়ে ওঠা পশুর হাটগুলো সরানো হয়নি। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সিটি করপোরেশনের তালিকাভুক্ত সাগরিকা ও বিবিরহাট বাজারের ইজারাদারেরা।
এ ব্যাপারে করপোরেশন এবং পুলিশ প্রশাসনের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তাঁরা।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘আমরা এসব অভিযোগ সম্পর্কে খোঁজখবর নিচ্ছি এবং অবৈধ গরুর হাটগুলো উচ্ছেদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।’
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী অবৈধ বাজার উচ্ছেদের ব্যাপারে আমরা তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছি।’
সিটি করপোরেশন কর্তৃপক্ষ এ বছর আটটি পশুর হাট ইজারা দিয়েছে। এর মধ্যে সাগরিকা ও বিবিরহাট হচ্ছে স্থায়ী পশুর হাট। বাকি ছয়টি হচ্ছে অস্থায়ী। এগুলো হচ্ছে, ধনিয়ালাপাড়া, পতেঙ্গা, সল্টগোলা, কর্ণফুলীহাট, স্টিল মিল বাজার ও কমল মহাজনহাট।
অনুসন্ধানে জানা যায়, করপোরেশনের ইজারা দেওয়া নির্ধারিত পশুর হাটের বাইরেও নগরের হালিশহর, ফইল্যাতলী, ফকির তালুক, এ কে খান গেট, পাহাড়তলী, আশেকানে আউলিয়া কলেজ, অক্সিজেন মোড়, বটতল, জঙ্গী শাহর মাজারের আশপাশসহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত ছোট অবৈধ পশুর হাট বসেছে। এগুলোর বেশির ভাগই নিয়ন্ত্রণ করছেন স্থানীয় প্রভাবশালীরা।
হালিশহর এলাকার একটি অবৈধ পশুর হাটে গিয়ে দেখা যায়, আটটি ছোট-বড় গরু বেঁধে রাখা হয়েছে একসঙ্গে। সেখানে তদারকিতে নিয়োজিত এক ব্যক্তির কাছে পরিচয় জানতে চাইলে তিনি নাম জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমরা সামান্য কিছু গরু নিয়ে বসেছি এলাকার মানুষের সুবিধার জন্য। এটা বড় কোনো বাজার নয়। এটা অবৈধ হবে কেন? বিভিন্ন এলাকায় এ রকম অনেকেই তো গরু বিক্রি করছেন।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাগরিকা গরুর বাজার ইজারাদার মো. রাশেদ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমরা সিটি করপোরেশন এবং পুলিশ বিভাগে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এখনো হাটের বাইরে বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলিতে অস্থায়ী বাজারগুলো চালু রয়েছে। এবার আমরা হাট ইজারা নিয়ে বিপাকে পড়েছি। জানি না, এ বছর আমাদের অর্ধেক টাকাও উঠে আসবে কি না।’
বিবিরহাট পশুর হাটের ইজারাদার মোহাম্মদ শাহজাহান বলেন, ‘ঈদের বাজার তো প্রায় শেষের দিকে। কিন্তু এখনো যত্রতত্র গড়ে ওঠা হাট সরিয়ে দেওয়ার ব্যাপারে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এভাবে বাজার বসানো হলে আমাদের পশুর হাট ইজারা নিয়ে কী লাভ হলো?’