অভিযোগ তদন্ত করবে কাউন্টার টেররিজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে ত্রুটির ঘটনার মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অবহেলা এবং ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’-এর অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গত বুধবার রাতে ঢাকা বিমানবন্দর থানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে মামলাটি হয়। গতকাল বুধবার মামলাটি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ‘মামলাটি সিটিটিসিতে স্থানান্তরের নির্দেশনা পেয়েছি। আগামীকাল (আজ) সকালের মধ্যে সিটিটিসিতে হস্তান্তর করা হবে।’
মামলার এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য ২৬ নভেম্বর একে বিমানের নিজস্ব হ্যাঙ্গারে নেওয়া হয়। পরদিন প্রধানমন্ত্রীকে নিয়ে উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে যাত্রা শুরু করলে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিন অয়েলের ‘বি-নাট’ ঢিলা পাওয়া যায়। এতে ইঞ্জিনে তেলের চাপ ক্রমান্বয়ে কমতে থাকে। দুর্ঘটনা এড়াতে তুর্কমেনিস্তানে বিমানটির জরুরি অবতরণ করা হয়। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষের তদন্তের বরাত দিয়ে এজাহারে বলা হয়েছে, ‘বি-নাট’ স্বয়ংক্রিয়ভাবে ঢিলা হওয়ার সম্ভাবনা কম। এজাহারে মামলার বাদী আশঙ্কা করেছেন, উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণে নিয়োজিত ব্যক্তিরা নাটটি ঢিলা করেছেন।
উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ বা মেরামতের সময় নয় আসামির দায়িত্ব সম্পর্কে তদন্ত কমিটির বরাত দিয়ে এজাহারে বলা হয়েছে, আসামি সিদ্দিকুর রহমান সরাসরি মেরামতকাজে জড়িত ছিলেন। এস এম রোকনুজ্জামান ‘মেনটেন্যান্স রিলিজ বুক’ (রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত খাতা) সই করেন। আসামি সামিউল হক আরেক আসামি সিদ্দিকুর রহমানকে কাজে নিযুক্ত করেন। লুৎফর রহমান ও মিলন চন্দ্র বিশ্বাস মেরামতকাজের সময় সশরীরে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি। এস এ সিদ্দিক ভিভিআইপি এসওপি (গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের নীতি) অনুযায়ী দায়িত্ব পালন করেননি। আসামি বিল্লাল হোসেন রক্ষণাবেক্ষণের জন্য মৌখিকভাবে তিন-চারজনের একটি দল গঠনের কথা বললেও বাস্তবে তার প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া নিয়ম অনুযায়ী ‘অয়েল প্রেশার সেন্সর’ মেরামতের সময় সনদধারী প্রকৌশল কর্মকর্তার তত্ত্বাবধান বাধ্যতামূলক হলেও জুনিয়র টেকনিশিয়ান দিয়ে কাজটি করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।