এখন থেকে সরাসরি থানায় না গিয়েও অভিযোগ দায়ের করতে পারবেন নির্যাতনের শিকার নারী ও শিশুরা। আর এ কাজে সহায়তা করবে ইন্টারনেটভিত্তিক অ্যাপ্লিকেশন ‘ম্যানেজিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন’।
গতকাল বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইসিটি বিভাগের ‘ইনফো সরকার-২’ প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অ্যাপ্লিকেশনটি (www.vawcms.gov.bd) ব্যবহারে সহায়তা করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অভিযোগগুলোর ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা অনুসরণ (ট্র্যাক) করতে পারবেন। গতকাল আইসিটি বিভাগের কর্মকর্তারা অ্যাপ্লিকেশনের একটি সিডি অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে আলোচকেরা বলেন, স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে অভিযোগ জানানোর পাশাপাশি ইউনিয়ন তথ্যকেন্দ্র, সিটিজেন কর্নার ও মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে গিয়েও নির্যাতনের শিকার ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারবেন। ৫ বা ১০ বছর আগের অভিযোগ, অভিযোগ দায়েরের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তাও দ্রুত জানা যাবে। অনেকেই নির্যাতনের শিকার হলেও থানায় যেতে চান না নানা ধরনের বিড়ম্বনার কারণে। এখন আর সরাসরি থানায় যাওয়ার দরকার হবে না।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, এ অ্যাপ্লিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আলাদা ফরম ডাউনলোড করার দরকার নেই।
আলোচনায় অংশ নেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম প্রমুখ।