বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘনের’ যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) করা হয়েছিল, আইনি ভিত্তি না থাকায় হেগের ওই আদালত তা নাকচ করে দিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বুধবার দুপুরে তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার শুরু হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক লবিস্ট হিসেবে পরিচিত যুক্তরাজ্যের আইনজীবী টবি ক্যাডম্যান বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত চালাতে আইসিসিকে ২০১৪ সালে চিঠি লিখেছিলেন। তাঁর আইনি সংস্থা নাইন রেডফোর্ড রো ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারিতে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং এরপর বেসামরিক লোকজনের ওপর “সরকারের অপরাধের” জরুরি ভিত্তিতে তদন্ত চালাতে দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ আবেদন জানানো হয়েছে।’
মাহমুদ আলী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এক প্রসিকিউটর (আইনজীবী) ফেতাও বেনসুদা সম্প্রতি এক চিঠিতে জানিয়েছেন, ওই অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে জামায়াত-বিএনপি চক্র আন্তর্জাতিক আদালতে এ অভিযোগ করে আসছিল। আদালতের সাম্প্রতিক এ মতামত আবার প্রমাণ করল যে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মানবতাবিরোধী অপরাধসহ সব ঘৃণ্য কৃতকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
এদিকে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল প্রথম আলোকে বলেন, টবি ক্যাডম্যান ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি তাঁর আইনি সংস্থা নাইন রেডফোর্ড রো ইন্টারন্যাশনালের পক্ষে আইসিসিতে চিঠি লেখেন। ওই চিঠিতে তিনি আইসিসির রোম সনদের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির একটি প্রাথমিক অনুসন্ধান পরিচালনার অনুরোধ জানান। ওই অভিযোগের আইনি ভিত্তি নেই জানিয়ে আইসিসির আইনজীবী ফেতাও বেনসুদা গত সপ্তাহে চিঠি দিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, টবির আবেদনের পর থেকেই সরকার আইসিসির সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ অব্যাহত রেখেছিল। কারণ, জামায়াতের ওই লবিস্ট ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটসের মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে আইসিসি যদি তদন্ত চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিত, তবে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো।
‘তুরস্কের ব্যাপারে নমনীয় নই’: মানবতাবিরোধী অপরাধের বিচারে দোষী সাব্যস্ত একাত্তরের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর থেকে একাধিকবার প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। এমনকি এ বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে আলোচনার জন্য তুরস্কে ডেকে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ নমনীয় কি না, জানতে চাইলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ‘তুরস্কের ব্যাপারে বাংলাদেশ মোটেই নমনীয় নয়। রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো স্বাভাবিক প্রক্রিয়া। এটা মাঝেমধ্যেই হয়। আমরাও তুরস্ক থেকে আমাদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছি। তাঁরা যে বিবৃতি দিয়েছেন, সেটা তাঁরা দিয়েছেন। তবে তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক তা এখন চলমান রয়েছে। এটার মধ্যে কোনো চিড় ধরেনি। কোনো অসুবিধা হয়নি।’
এদিকে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী গতকাল বিবিসিকে বলেছেন, তিনি এখনো ঢাকা থেকে এ ধরনের তলবের নির্দেশ পাননি।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে এ নিয়ে আলোচনার জন্য আল্লামা সিদ্দিকীকে ঢাকায় ডেকে পাঠানোর বিষয়টি বিবেচনায় ছিল, পরে তাঁকে আর ডেকে পাঠানো হয়নি।