অভিযোগ নিষ্পত্তিতে পিছিয়ে জাতীয় মানবাধিকার কমিশন
গুম, বিচারবহির্ভূত হত্যা ও পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে পারছে না জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন বলছে, আইনি বাধার কারণে অভিযোগ নিষ্পত্তিতে তারা পিছিয়ে আছে।
কমিশনের বার্ষিক প্রতিবেদন বলছে, ২০১৪ সালে তারা জোরপূর্বক গুমের অভিযোগ পায় ১৪টি। নিষ্পত্তি করে একটির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দুটি অভিযোগ পায়, এর কোনোটির নিষ্পত্তি করতে পারেনি। পুলিশি হেফাজতে নির্যাতনের ১৭টি অভিযোগের মধ্যে দুটির নিষ্পত্তি করতে পেরেছে। চলতি বছরের অক্টোবর পর্যন্ত তিনটি ক্ষেত্রে পাওয়া কোনো অভিযোগেরই নিষ্পত্তি করতে পারেনি কমিশন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘এসব অভিযোগের ক্ষেত্রে আমরা সরাসরি তদন্ত করতে পারি না। সরকারের কাছে প্রতিবেদন চাইতে হয়। প্রতিবেদনের অপেক্ষায় থেকে কিছু কিছু কেস বছরের পর বছর ঘুরছে।’
মানবাধিকার লঙ্ঘন বা লঙ্ঘন হতে পারে—এমন অভিযোগের তদন্ত ও অনুসন্ধান করে মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে ২০০৯ সালের আইনে। কমিশন সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন বা তথ্য চাইতে পারবে। তথ্য না পেলে কমিশন নিজ উদ্যোগে অনুসন্ধান করতে পারে। তবে শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে কমিশনকে নিজ উদ্যোগে বা দরখাস্তের ভিত্তিতে সরকারের কাছে প্রতিবেদন চাইতে হয়।
কমিশনের পরিসংখ্যান বলছে, ২০১১ সাল থেকে চলতি বছর পর্যন্ত গুমের ৩৫টি অভিযোগের মধ্যে কমিশন নিষ্পত্তি করেছে সাতটির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ২২টি অভিযোগের মধ্যে কমিশন নিষ্পত্তি করতে পেরেছে আটটির। পুলিশি হেফাজতে নির্যাতনের ১০২টি অভিযোগের মধ্যে কমিশন নিষ্পত্তি করেছে ৪১টি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কমিশন মানবাধিকার লঙ্ঘনের যত অভিযোগ পায়, ঘটনার সংখ্যা তার চেয়ে বেশি।
কমিশনের সদস্য কাজী রিয়াজুল হক বলেন, ‘পুলিশের ব্যাপারে সরাসরি তদন্ত করতে পারে না কমিশন। কমিশন পুলিশের কাছে প্রতিবেদন চাইবে। পুলিশের কাছ থেকে প্রতিবেদন পেতে অনেক দেরি হয়। অন্যান্য কর্মকর্তাকে ডেকে আনতে পারি, তাঁরা আসতে বাধ্য। কিন্তু পুলিশকে ডাকতে পারি না।’
কমিশনে অভিযোগ নিষ্পত্তিসংক্রান্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, কমিশন যৌতুক, পারিবারিক নির্যাতনসহ কিছু অভিযোগে সালিস ডেকে দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিচ্ছে। অভিযোগটি যদি মানবাধিকারসংক্রান্ত না হয়, তা হলে অভিযোগ আকারে না দেখিয়ে নিষ্পত্তি দেখানো হচ্ছে।
এসব ক্ষেত্রে কমিশন অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিভাগকে প্রতিবেদন দিতে বলে। কমিশন নিজেও ঘটনার তদন্ত করে। তারপর তদন্ত প্রতিবেদন সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলে। এভাবেই একটি অভিযোগের নিষ্পত্তি হয়েছে বলে ধরা হয়।
কমিশনের কর্মকাণ্ডের মূল্যায়ন করে গত বছর আইন ও সালিশ কেন্দ্র (আসক) ‘বাংলাদেশ: চাই প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ সরকার গ্রহণ করেনি। কমিশন প্রশিক্ষণ, সভা ও সেমিনার আয়োজনে বেশি মনোযোগী। কমিশনের চেয়ারম্যান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত ও উপযুক্ত সম্পূরক পদক্ষেপ নেওয়া হয় না।