চট্টগ্রাম নগরের ষোলশহরে ভূমি কার্যালয়ে (চান্দগাঁও ও আগ্রাবাদ সার্কেল) আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবাগ্রহীতাদের সুবিধার জন্য দ্রুত ওয়ানস্টপ সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। গতকাল রোববার বেলা ১১টার দিকে ভমি অফিসে গিয়ে চলতি সপ্তাহের মধ্যে এই সেবা চালুর নির্দেশ দেন তিনি। সাংবাদিকদের মন্ত্রী বলেন, সেবাগ্রহীতাদের অভিযোগ আগের চেয়ে অনেক কমেছে। তবে অভিযোগ একেবারে যে নেই সেটা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, হয়রানি কমেছে। সরকারের লক্ষ্য অভিযোগ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা।
কর্মকর্তাদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভবনে লিফট নেই। অনেক বয়স্ক লোকজন সেবা নিতে আসেন। তাঁরা পাঁচতলা পর্যন্ত উঠতে পারেন না। এ নিয়ে অনেকে তাঁর কাছে অভিযোগও করেছেন। চলতি সপ্তাহের মধ্যে ভবনের নিচতলায় চান্দগাঁও ও আগ্রাবাদ সার্কেলের জন্য পৃথক ওয়ানস্টপ সার্ভিস চালু করতে বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিলকে ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়টি দেখভাল করার নির্দেশ দেন।
আকস্মিক পরিদর্শনে এসে প্রথমে ভূমি অফিসের নিচতলায় খাজনা আদায়ের কক্ষে যান প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ওই সময় জমির খাজনা দিতে আসা নজরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে তিনি জানতে চান, কোনো অভিযোগ রয়েছে কি না। জবাবে নজরুল ইসলাম বলেন, তাঁর কোনো অভিযোগ নেই। পরে তিনি আরও দুজন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন। তাঁরাও কোনো অভিযোগ নেই বলে মন্ত্রীকে জানান।
পরে ভবনের তৃতীয় তলায় চান্দগাঁও সার্কেলের কয়েকটি কক্ষ পরিদর্শন করেন মন্ত্রী। পরে তিনি চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনারের (এসি) কক্ষে বসে দুই সার্কেলের সহকারী কমিশনারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তহশিলদারদের হয়রানিবিহীন সেবা দেওয়ার নির্দেশ দেন।
পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিন বছর আগে ভূমি অফিসের যে চিত্র ছিল, এখন আর তা নেই। আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। চলতি বছরে নতুন করে ভূমি জরিপের কাজ শুরু করার কথা জানিয়ে তিনি বলেন, প্রথমে শহরের জরিপকাজ এবং পরবর্তী পর্যায়ে গ্রামে জরিপ শুরু করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে আদালতের রায় পাওয়া গেছে। রায়ের সার্টিফায়েড কপি (নকল নথি) পাওয়ার পর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। নগরের কাজীর দেউড়ি এলাকার জিয়া শিশুপার্ক তুলে দিয়ে নতুন করে অন্য একটি স্থানে পার্ক করার চিন্তাভাবনা রয়েছে বলেও তিনি জানান। এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, সার্কিট হাউসের পাশে যে পার্ক রয়েছে, সেটির চুক্তির মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কারণ এতে সার্কিট হাউসের নিরাপত্তার বিষয়টি যুক্ত। নতুন করে অন্য স্থানে একটি পার্ক করা হবে।