কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলার মূল অভিযোগ হলো, তিনি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে সম্পদ বিবরণীতে কম মূল্যে জমি কিনে বেশি দামে বিক্রি দেখিয়েছেন। কিন্তু সেসব জমির দলিলপত্র যাচাই না করেই মামলা দেওয়ায় বাদীর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ সাংসদ বদির বিরুদ্ধে করা মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আবদুস সোহবানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
আইনজীবী: আপনি মামলায় অভিযোগ করেছেন, আবদুর রহমান বদি কম দামে জমি ক্রয় করে তা বেশি দামে বিক্রি দেখিয়েছেন।
বাদী: হ্যাঁ।
আইনজীবী: আপনি অনুসন্ধানকালে জমির দলিলগুলো কি যাচাই-বাছাই করেছেন?
বাদী: না, যাচাই-বাছাই করা হয়নি।
আইনজীবী: মামলার যে ঘটনাস্থল, সেখানে আপনি গিয়েছিলেন কি?
বাদী: না।
এ পর্যায়ে আদালত মামলার বাদীর উদ্দেশে বলেন, তাহলে এ মামলাটি করলেন কীভাবে?
জবাবে বাদী আবদুস সোহবান বলেন, জমির দলিলের সঙ্গে জড়িত ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কেউ আসেনি। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ কারণে দলিল যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।
বাদীর এমন জবাবে আদালত বিরক্তি প্রকাশ করেন এবং উপস্থিত আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘দেখুন, কীভাবে মামলা হয়!’
এরপর বিচারক আবু আহমেদ জমাদার সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন। আগামী ৬ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। এ সময় আসামি আবদুর রহমান বদি আদালতে হাজির ছিলেন।
আসামিপক্ষে জেরা করেন আইনজীবী মাহবুব আহমেদ ও মাহফিজুর রহমান। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী কবির হোসাইন।
জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে বিবরণী দেওয়ার অভিযোগে সাংসদ বদির বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট এ মামলা করে দুদক। চলতি বছরের ৭ মে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।