অভিযোগ রাজউকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, বারিধারাসহ বিভিন্ন এলাকার ছয় হাজারেরও বেশি আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যার মধ্যে ৮৭ শতাংশ ভবনমালিক আবাসিক এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে কোনো ধরনের অনুমোদন নেননি।
এ পরিস্থিতিতে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বসবাসের পরিবেশ ‘নষ্ট’ করার জন্য রাজউকের দুর্বল নজরদারিকে (মনিটরিং) দায়ী করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র। এ ছাড়া ক্ষেত্রবিশেষে আর্থিক সুবিধার বিনিময়ে এই সুযোগ করে দিয়েছেন রাজউকের কর্মকর্তারা।
গতকাল সোমবার গুলশান ক্লাবে ঢাকার আবাসিক এলাকাগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধের বিষয়ে করণীয় ঠিক করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং দুই মেয়র বাদেও রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, গুলশান সোসাইটির সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার শামসুল হুদা এবং কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধি আলোচনায় অংশ নেন।
আলোচনায় দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিচালিত এক সমীক্ষার সূত্র ধরে বলা হয়, রাজউক থেকে আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এমন ভবনের সংখ্যা ৫ হাজার ৩০০। সেখানে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমোদন আছে মাত্র ৭৫৬টি ভবনের।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্বকারী ডিএনসিসির মেয়র আনিসুল হক এমন পরিস্থিতির জন্য রাজউকের কর্মকাণ্ডকে দায়ী করে বলেন, ‘২০০৭ সালের পর থেকে আবাসিক এলাকায় ব্যবসা পরিচালনার লাইসেন্স দেওয়া বন্ধ রয়েছে। তারপরেও আবাসিক এলাকাগুলোতে বহু দোকানপাট, হোটেল, রেস্টুরেন্টসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। এ জন্য দায়ী রাজউকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অর্থাৎ বেড়ায় খেত খেয়েছে।’
মেয়রের এ বক্তব্যের সূত্র ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘রাজউকের গাফিলতির কারণেই যে এমনটা ঘটেছে, এ ব্যাপারে আমি শতভাগ একমত। রাজউকের ইন্সপেক্টর, অথরাইজড অফিসাররা বিভিন্ন জোনে কাজ করেন। তাঁরা এসব দেখেও দেখেন নাই।’
এ সময় মেয়র রাজউক কর্মকর্তাদের আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি ইঙ্গিত করলে মন্ত্রী তাতে সায় দেন।
এসব অভিযোগের বিষয়ে রাজউক চেয়ারম্যান বলেন, ‘বেড়ায় খেত খেয়েছে—এ দায় আমরা অস্বীকার করছি না। আমাদের সহযোগিতায় অথবা যোগসাজশেই এটা হয়েছে। তবে এটা এক দিনে হয়নি। রাজউকের আগে ডিআইটির (ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট) প্রতিষ্ঠালগ্ন থেকেই এটা হয়ে এসেছে।’
গুলশান সোসাইটির সভাপতি শামসুল হুদা বলেন, রাজউক ভবন নির্মাণের অনুমোদন দেয়। আবার তা সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে কি না, সেটাও দেখভালের দায়িত্বে থাকে। একই প্রতিষ্ঠানের হাতে দুই ধরনের ক্ষমতা থাকা বাঞ্ছনীয় নয়। এ ক্ষেত্রে অনুমোদন-পরবর্তী কার্যক্রম দেখভালের দায়িত্ব অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া উচিত, কিংবা নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা উচিত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ধানমন্ডি এলাকাকে পুরোপুরি আবাসিকের চেহারায় ফিরিয়ে আনার প্রাথমিক উদ্যোগ হিসেবে সেখানকার ভবনগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।