বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগের শুনানিতে সাক্ষ্য দেননি অনেক অভিযোগকারী। গতকাল সোমবার নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সময়ে ৪০ জনের বেশি লোকের সাক্ষ্য নেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু জাফর।
ইউএনওর বিরুদ্ধে মিয়ানমারের রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে গোপন বৈঠকসহ অনিয়ম ও দুর্নীতির ২৭টি অভিযোগ নিয়ে জনপ্রশাসনমন্ত্রী বরাবর অভিযোগ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের ৫৩ জন ব্যক্তি। গতকাল ছিল অভিযোগ শুনানির দিন।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক শুনানিতে জানতে চেয়েছেন, ইউএনওর বিরুদ্ধে করা অভিযোগ সত্য কি না। জবাবে বলেছি, সত্য-মিথ্যা কিছুই জানি না। ওই অভিযোগপত্রে আমি সই করিনি।’ একই কথা বলেন দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু জাফর গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউএনওর বিরুদ্ধে অভিযোগের শুনানি হয়েছে। তবে তদন্তে কী পাওয়া গেছে তা বলতে চাননি তিনি।