অভিযোগকে মিথ্যা বললেন মতিয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করেছে জেলা আওয়ামী লীগ।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতিয়র রহমান। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে বহিষ্কৃত মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা নিজ স্বার্থ চরিতার্থ করতে প্রতিশোধপরায়ণ হয়ে তাঁর (মতিয়র) বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আব্দুল মতিন খান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৮ নভেম্বর মতিয়র রহমান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেন শামছুজ্জোহা। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে গত শুক্রবার শামছুজ্জোহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছি। আশা করি, ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবেন।’