জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া সেই তিন শিক্ষক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগনামা চেয়েছেন৷ গত বুধবার তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগনামা চেয়ে আবেদন করেন৷
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সূত্র জানায়, আবেদনে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, তা তাঁরা জানতে চেয়েছেন৷ তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের কোনো উত্তর দেওয়া হয়নি৷
১১ এপ্রিল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীকে হুমকির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন এবং প্রভাষক প্রিয়াংকা স্বর্ণকার ও প্রভাষক বর্ণনা ভৌমিককে স্নাতকোত্তরের শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়৷ এই তিনজন শিক্ষক গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে, তা তাঁরা জানেন না৷ বরং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ৷ তাই বিষয়টি সম্পর্কে জানতে প্রশাসনের কাছে অভিযোগনামার একটি লিখিত পূর্ণ বিবরণ চেয়েছেন৷