
মাদারীপুরের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তার হত্যা মামলায় এক বছর তিন মাস পর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। মামলাটি ধর্ষণ ও হত্যার অভিযোগে করা হলেও অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্র প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন দেবে বলে জানিয়েছে সুমাইয়া ও হ্যাপির পরিবার। তাদের অভিযোগ, গত ৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদারীপুর আমলি আদালতে গোপনে অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্র দেওয়ার আগে বাদীকে জানানোর বিধান থাকলেও এ মামলায় তা করা হয়নি।
এ বিষয়ে একটি মামলার বাদী সুমাইয়ার বাবা বিল্লাল সিকদার প্রথম আলোকে বলেন, ‘সাত দিন আগে আইও (তদন্ত কর্মকর্তা) স্যারকে ফোন করে মামলার অগ্রগতি জানতে চেয়েছিলাম। তিনি তখনো বলেন, চার্জশিট দেওয়া হয়নি। অথচ এক মাস আগে গোপনে চার্জশিট আদালতে দাখিল করেছেন। চার্জশিটের কপি তোলার জন্য কোর্ট পরিদর্শকের কাছে গেলে তিনি আমাদের চার্জশিট দেওয়া হবে না বলে জানিয়ে দেন। পুলিশ রহস্যজনক কারণে হত্যা মামলাটি আত্মহত্যার মামলায় পরিণত করে চার্জশিট দিয়েছে। আমরা চার্জশিট প্রত্যাখ্যান করছি। আদালতে নারাজি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
অপর মামলার বাদী হ্যাপির মা মুক্তা বেগম বলেন, ‘ওরা আমার মেয়ে ও তার বান্ধবীকে ধর্ষণের পর বিষপান করিয়ে হত্যা করেছে। হাসপাতাল থেকে জনতা শিপন সিকদার ও রফিকুল ইসলামকে আটক করে পুলিশে দেয়। অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। ধর্ষণের পর হত্যার ঘটনা অথচ পুলিশ আত্মহত্যা বলে অভিযোগপত্র দিল। আমরা এ অভিযোগপত্র মানি না।’
এজাহার ও স্কুলছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে হাসপাতালে নিয়ে যান দুই যুবক। সেখানে সুমাইয়া ও হ্যাপিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের পরিবার অভিযোগ তোলে, মেয়ে দুটিকে ধর্ষণ শেষে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে।
পরের দিন সুমাইয়ার বাবা সাত ব্যক্তিকে আসামি করে মাদারীপুর মডেল থানায় হত্যা মামলা করেন। ১৩ সেপ্টেম্বর হ্যাপির মা মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে অপর মামলাটি করেন। এই মামলায় আগের সাত আসামি ছাড়াও আলামিন হাওলাদার নামে আরেক যুবককে আসামি করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব পান মাদারীপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান। পরবর্তীকালে সিআইডি মামলাটির তদন্তভার গ্রহণ করে। সিআইডির পরিদর্শক বেলাল কাজী, বশির আহম্মেদ ও সিরাজুল ইসলাম তদন্ত করেন। সিরাজুল ইসলাম আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদনে বিষপানে মৃত্যু হয়েছে—এমন তথ্য পাওয়া গেছে। তদন্ত করেও বিষয়টি পাওয়া গেছে। দুই কিশোরীকে বিষপান করতে যাঁরা বাধ্য করেছেন, তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তাঁরা হলেন রানা নাগাসি, মেহেদী, সজীব, আলামিন, নাজমুল, সাজন ব্যাপারী, উজ্জ্বল সিকদার ও রাকিব সিকদার। এঁদের মধ্যে নাজমুল এজাহারভুক্ত আসামি ছিলেন না। অভিযোগপত্রে এজাহারভুক্ত আসামি শিপন সিকদার ও রফিকুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে। উজ্জ্বল সিকদার, সাজন ব্যাপারী, মেহেদী ও নাজমুল পলাতক রয়েছেন। বাকি আসামিরা জামিনে মুক্ত রয়েছেন।