অভিযোগপত্র আমলে নিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতির মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

আদালত সূত্র বলেছে, গত ১ ডিসেম্বর আশুলিয়া থানার পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে এই মামলার অভিযোগপত্র দেয়। পলাশ নামের এক আসামিকে পলাতক দেখানো হয়। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হাজির হওয়ার জন্য পত্রিকায় প্রজ্ঞাপন জারির আদেশ করা হয়। গতকাল প্রজ্ঞাপন জারির বিষয়ে প্রতিবেদন দাখিল করা হলে আদালত অভিযোগপত্র আমলে নেন।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, বাবুল সরদার, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, আবদুল বাতেন, মোজাম্মেল হক, উকিল হাসান, সাইফুল ইসলাম, শাজাহান জমাদ্দার ও পলাশ ওরফে সোহেল রানা।  বাবুল সরদার, মিন্টু প্রধান, উকিল হাসান ও শাজাহান জমাদ্দার বাদে অন্যরা জেএমবির সদস্য।

মামলাসূত্রে জানা যায়, গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ডাকাতি হয়। এ সময় ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।