শিশু রবিউল হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র গতকাল বুধবার গ্রহণ করেছেন আদালত। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেন ১ অক্টোবর।
আদালত সূত্র জানায়, পুলিশের অভিযোগপত্রের বিরুদ্ধে রবিউলের বাবা ২৭ আগস্ট নারাজি আবেদন করেন। বাদীপক্ষের প্রস্তুতি না
থাকার আবেদনের পরিপ্রেক্ষিতে নারাজি আবেদনের ওপর শুনানি দুই দফা পেছানো হয়। তৃতীয় দফায় গতকাল ৯ সেপ্টেম্বর নারাজি আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন আদালত।
রবিউলের বাবা দুলাল মৃধা ও মামলার একমাত্র আসামি মিরাজ হোসেনের উপস্থিতিতে দুপুরে আমতলী উপজেলা বিচারিক হাকিম আদালতে ওই নারাজি আবেদনের বিষয়ে শুনানি শুরু হয়। বাদীপক্ষের আইনজীবী আবেদনটি চালাতে অপারগতা প্রকাশ করে আবেদন করেন। পরে বিচারক বৈজয়ন্তি বিশ্বাস অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি বিচারের জন্য বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন। ১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।