চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া কোকেনের মামলায় লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনের বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলী এ অভিযোগপত্র গ্রহণ করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, কোকেন জব্দের ঘটনায় করা মাদকের মামলায় গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী ৭ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে অভিযোগপত্র পর্যালোচনার দিন ধার্য করেছেন আদালত।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরপর ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। ওই দিনই বন্দর থানার পুলিশ মাদক আইনে মামলা করেন। প্রতিটি ড্রামে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল রয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত হয়। গত বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান আটজনের বিরুদ্ধে আদালতে এ মামলায় অভিযোগপত্র জমা দেন। এতে ৩৭০ লিটার তরল কোকেন রয়েছে বলে উল্লেখ করা হয়।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের রাজনগরের বকুল মিয়া, তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনসের ব্যবস্থাপক এ কে আজাদ, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদী আলম, সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল আলম ও আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল। এর মধ্যে আসামি ফজলুর রহমান ও বকুল মিয়া পলাতক।